ফাইল ছবি। সম্পাদকীয়
আজ শহীদ জননী জাহানারা ইমামের ৩১তম মৃত্যুবার্ষিকী।
তিনি ছিলেন একজন লেখিকা,, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী।
তাঁর বিখ্যাত গ্রন্থ ‘একাত্তরের দিনগুলি’। একাত্তরে তাঁর জ্যেষ্ঠ পুত্র শফি ইমাম রুমী দেশের মুক্তিসংগ্রামে অংশগ্রহণ করেন।পরবর্তীতে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে গ্রেফতার হন এবং নির্মমভাবে শহীদ হন।
মুক্তিযুদ্ধে বিজয় লাভের পর রুমীর শহীদ হওয়ার সূত্রেই তিনি শহীদ জননীর মযার্দায় ভূষিত হন৷
তিনি মাট্রিক পাস করেন ১৯৪২ সালে। ১৯৪৪ সালে রংপুর কারমাইকেল কলেজ থেকে আইএ পাস করে ১৯৪৫ সালে ভর্তি হন কলকাতার লেডি ব্রেবোর্ণ কলেজে।
লেডি ব্রেবোর্ন কলেজ থেকে বিএ পাস করেন ১৯৪৭ সালে। ১৯৬০ সালে বিএড ডিগ্রি অর্জন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। যুক্তরাষ্ট্র থেকে সার্টিফিকেট ইন এডুকেশন ডিগ্রি অর্জন করেন ১৯৬৪ সালে।
যুক্তরাষ্ট্র থেকে ফিরে ১৯৬৫ সালে বাংলায় এমএ পাস করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
১৯৫২ থেকে ১৯৬০ পর্যন্ত ঢাকার সিদ্ধেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ১৯৬২ থেকে ১৯৬৬ পর্যন্ত বুলবুল একাডেমি কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক এবং ১৯৬৬ ১৯৬৮ পর্যন্ত থেকে ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক হিসেবে তাঁর কর্মজীবন অতিবাহিত হয়।
তিনি কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটেও খন্ডকালীন শিক্ষক হিসেবে কাজ করেন।
১৯৯৪ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্টয়েট নগরীর সাইনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।