প্রতীকী ছবি।
নিউজ ডেস্কঃ
মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদন বলছে ,দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা কমছে না, বরং আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে।, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ধর্ষণের ঘটনা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে প্রায় ৬৮ দশমিক ৫ শতাংশ।
একই সময়ে শিশুর প্রতি সহিংসতার হার বেড়েছে ৩৮ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, এই প্রবণতা কেবল পরিসংখ্যানের বিষয় নয়, বরং সামাজিক নিরাপত্তা ও মানবাধিকারের জন্য বড় ধরনের হুমকি।
মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, এ বছর সাত মাসে ধর্ষণের শিকার হয়েছে ৪৯২ জন নারী ও শিশু, যেখানে গত বছর একই সময়ে এ সংখ্যা ছিল ২৯২ জন। শিশুর প্রতি সহিংসতা বেড়ে দাঁড়িয়েছে ৬৪০ জনে, যা গত বছর ছিল ৪৬৩ জন। একই সময়ে পারিবারিক সহিংসতার ঘটনাও বেড়েছে প্রায় ১৬ শতাংশ।
বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদনেও একই চিত্র পাওয়া গেছে। তাদের তথ্য অনুযায়ী, এ বছর ধর্ষণের শিকার হয়েছে ৪০৫ জন, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ১১৭ জন, ধর্ষণের পর হত্যা করা হয়েছে ১৫ জনকে। গত বছর এ সংখ্যা ছিল যথাক্রমে ২৫৩, ১০৫ এবং ১৮।
সবচেয়ে উদ্বেগজনক চিত্র দিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। সংস্থাটির তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ধর্ষণের শিকার হয়েছে ৫০২ জন নারী ও শিশু, যার মধ্যে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ১৩৩ জন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৭ জনকে, আর ধর্ষণের চেষ্টা করা হয়েছে ২০৯ জনকে।
বিশেষজ্ঞরা মনে করছেন, অপরাধীদের শাস্তি না পাওয়া, বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রতা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদাসীনতা এবং স্থানীয় সরকারের দুর্বল ভূমিকার কারণে এ ধরনের অপরাধ থামছে না।