নিউজ ডেস্কঃ
তহবিলসংকটের কারণে জাতিসংঘ আগামী কয়েক মাসের মধ্যে বিশ্বজুড়ে ৯টি শান্তিরক্ষা মিশন থেকে মোট শান্তিরক্ষীর এক-চতুর্থাংশ কমিয়ে দেবে, যা প্রায় ১৩,০০০ থেকে ১৪,০০০ সামরিক ও পুলিশ সদস্যকে নিজ দেশে ফিরিয়ে দেবে। এই সিদ্ধান্তের প্রধান কারণ হলো যুক্তরাষ্ট্র থেকে আসা তহবিলের পরিমাণ কমে যাওয়া এবং ভবিষ্যতে তহবিল প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়া, যা সংস্থাটিকে আর্থিক সংকটে ফেলেছে।
বিশ্বের নয়টি অঞ্চলের শান্তি রক্ষা মিশন থেকে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী বাহিনী কমিয়ে আনতে যাচ্ছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের সহায়তা কমে যাওয়ায় তহবিলঘাটতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার জাতিসংঘের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। অনলাইন।
জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ থেকে প্রচুর সেনাসদস্য ও পুলিশ শান্তিরক্ষী মিশনে কাজ করেন। জাতিসংঘের এই মিশনে শান্তিরক্ষী পাঠানোর তালিকায় বাংলাদেশের অবস্থান তৃতীয়। গত ৩১ আগস্টের হিসাব অনুযায়ী, বর্তমানে ১০ দেশে শান্তিরক্ষী হিসেবে ৪৪৪ নারীসহ ৫ হাজার ৬৯৬ বাংলাদেশি দায়িত্ব পালন করছেন।
২০২৫-২৬ সালে জাতিসংঘের শান্তি রক্ষা মিশনের মোট বাজেট ছিল ৫৪০ কোটি ডলার। এর মধ্যে অনুদান হিসেবে ১৩০ কোটি ডলার দেওয়ার কথা ছিল যুক্তরাষ্ট্রের।
কিন্তু যুক্তরাষ্ট্র এখন জাতিসংঘকে জানিয়েছে, তারা বাজেটের অর্ধেক, অর্থাৎ প্রায় ৬৮ কোটি ২০ লাখ ডলার দেবে। এর মধ্যে ৮ কোটি ৫০ লাখ ডলার বরাদ্দ থাকবে হাইতির অ্যান্টি-গ্যাং মিশনের জন্য; যা জাতিসংঘের বাজেটে অন্তর্ভুক্ত ছিল না।