বিশিষ্ট শিক্ষাবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন, হাটহাজারীর ফতেহপুর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

নিউজ ডেস্কঃ

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক তোফায়েল আহমেদ মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

 

গতকাল বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে,’হৃদরোগের চিকিৎসায় তাকে গতকাল হাসপাতালে ভর্তি করা হয়। তার হার্টে রিং পরানোর কথা ছিল।’

আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রামের হাটহাজারীর ফতেহপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে তার জানাজা সম্পন্ন হয়।

জানাজায় অংশ নেন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এরপর ফতেহপুর মদনহাটের জামতলে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় ড. তোফায়েল আহমেদকে।

 

 ।। শিক্ষাবিদ অধ্যাপক তোফায়েল আহমেদের বর্ণাঢ্য জীবন।।

 

১৯৫৪ সালের ১ মার্চ চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেহপুরে জন্মগ্রহণ করেন তোফায়েল আহমেদ। তিনি ফতেহাবাদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও চট্টগ্রাম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

তিনি ১৯৭৬ ও ১৯৭৭ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে বিএ ও এমএ ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে, তিনি সোয়ানসির ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে সামাজিক ও অর্থনৈতিক স্টাডিজে এমএসসি (অর্থনীতি) ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক ড. ইউনূস সরকারের নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন। পরবর্তীতে তাকে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান করা হয়।