নিউজ ডেস্কঃ
বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী তারেক রহমানের বিদেশ সফর মালয়েশিয়া দিয়ে শুরু হতে যাচ্ছে। আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর কুয়ালালামপুর যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে সরকারের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা এ নিশ্চিত করেছেন।
জানা গেছে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইতোমধ্যে সফর সংক্রান্ত আনুষ্ঠানিক প্রক্রিয়াও শুরু হয়েছে।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তারা জানান, গত সোমবার মালয়েশিয়া সরকার আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে কুয়ালালামপুরে যাওয়ার প্রস্তুতি শুরু হয়েছে বলে সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র নিশ্চিত করেছে। সফরের দ্বিতীয় দিন ২২ জুন তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিমের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।
কূটনৈতিক সূত্রগুলোর মতে, দক্ষিণ এশিয়ার বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতা এবং ভারত-চীন প্রতিদ্বন্দ্বিতার প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরের গন্তব্য নির্ধারণে সরকার সতর্ক অবস্থান নিয়েছে। এ কারণে দিল্লি বা বেইজিংয়ের পরিবর্তে তৃতীয় কোনো দেশকে অগ্রাধিকার দেওয়ার বিষয়টি গুরুত্ব পেয়েছে।