নিউজ ডেস্কঃ
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাওয়ারীর গাড়ি লক্ষ্য করে যশোরের বেনাপোল সীমান্তে ইট-পাটকেল নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় গাড়ির একটি কাঁচ ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (৩ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে বেনাপোলের সাদিপুর এলাকায় সীমান্ত পরিদর্শন শেষে পুলিশি নিরাপত্তায় ফিরে আসার সময় পেছন থেকে গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ার অভিযোগ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিকালে নাসীরুদ্দীন পাটওয়ারী (গণমাধ্যমে প্রকাশ) দাবি করেন, আজকের হামলাটি আমাকে হত্যাচেষ্টার অংশ বলে মনে করি। আমি আমার নিজের নিরাপত্তা বিধানের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এটা একটা হত্যাচেষ্টা। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আমার নিরাপত্তার জন্য।
কারা হামলা চালিয়েছে- জানতে চাইলে এনসিপি নেতা বলেন, পেছন থেকে হামলা করা হয়েছে, তো বলতে পারছি না এখনও, তাদের পরিচয় কী, তারা কারা? আমাদের চারজন নেতা আহত হয়েছেন।
এ সময় তিনি জানান, এরই মধ্যে নিরাপদ অবস্থানে রয়েছেন এবং ঢাকার দিকে রওনা হয়েছেন।
দুপুরের দিকে কড়া নিরাপত্তার মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী যখন সাদিপুর সীমান্ত পরিদর্শন করেন তখন তার সঙ্গে যশোর জেলা জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা ছিলেন।
সোমবার রাতে ১০ নারী-পুরুষ ও শিশুকে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ বাংলাদেশের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বিজিবি সেটা প্রতিহত করে। এরপর থেকে ওই ১০ জন দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
এ ঘটনাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। তার মধ্যেই সীমান্ত এলাকা পরিদর্শনে গেলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় তিনি সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন।