যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক তুলসী গ্যাবার্ডের পদত্যাগ

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করা তুলসী গ্যাবার্ড পদত্যাগ করেছেন।

আল জাজিরা জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (২২ মে) রাতে পদত্যাগপত্রে ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তুলসী গ্যাবার্ড বলেন, জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের নেতৃত্ব দেওয়ার সুযোগ তার জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ছিল। তিনি জানান, স্বামীর ক্যান্সার শনাক্ত হওয়ায় পারিবারিক কারণেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ৩০ জুন থেকে তার পদত্যাগ কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

পরে ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তুলসী অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। আমরা তাকে মিস করব। জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান উপপরিচালক অ্যারন লুকাস ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।

তবে দায়িত্ব পালনকালে ট্রাম্প প্রশাসনের কয়েকটি গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তে তুলসী গ্যাবার্ডের মতামত উপেক্ষিত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পরিকল্পনা নিয়ে আলোচনায় তার অবস্থান গুরুত্ব পায়নি। এছাড়া ইরান ইস্যুতে শুরুতে নীরব থাকলেও পরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের প্রতি সমর্থন জানান তিনি।