নিউজ ডেস্কঃ
এরশাদবিরোধী আন্দোলনে রাজপথের সামনের সারির একজন সংগঠক ও আশির দশকের ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক কেন্দ্রীয় নেতা সৈয়দ উপল বখত মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার আকস্মিক মৃত্যুতে ছাত্ররাজনীতি ও প্রগতিশীল রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে মেট্রোরেলে যাত্রাকালে তিনি হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরে মেট্রোরেল থেকে নেমে একটি বেঞ্চে বসে পড়েন। পথচারীরা প্রথমে তাকে লায়ন্স চক্ষু হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে চিকিৎসকদের পরামর্শে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সৈয়দ উপল বখত আশির দশকে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন। ছাত্র ইউনিয়নের কোষাধ্যক্ষ হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন।
তার রাজনৈতিক জীবনের একটি ব্যতিক্রমী দিক ছিল পারিবারিক ও ব্যক্তিগত রাজনৈতিক অবস্থানের পার্থক্য। তার বাবা সৈয়দ দিদার বখত সে সময় এরশাদ সরকারের মন্ত্রী ছিলেন। কিন্তু উপল বখত সেই সরকারের বিরুদ্ধেই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখেন। সহযোদ্ধাদের ভাষ্য, তিনি কখনও বাবার রাজনৈতিক পরিচয়ের ছায়ায় নিজেকে পরিচিত করেননি; বরং নিজের আদর্শ ও রাজনৈতিক বিশ্বাসকেই ধারণ করেছিলেন।
তার মৃত্যুতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) এবং বিভিন্ন ছাত্র সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।