নিউজ ডেস্কঃ
পবিত্র রমজানে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে অফিস চলবে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত। আর জোহরের নামাজের জন্য বেলা সোয়া একটা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন ।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, পবিত্র রমজান মাসে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান এবং জরুরি সেবা সংশ্লিষ্ট অফিস চলবে নিজেদের বিধি অনুযায়ী।
প্রতিবছরই রমজান মাসের জন্য অফিস সময় পুননির্ধারণ করা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুব হোসেন বলেন, রমজানে বাজারে অস্বাভাবিক পরিস্থিতি হলে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে ।
তিনি বলেন, তবে, এটি আজকের মন্ত্রিসভার আলোচ্য বিষয় ছিল না। তার আগেই ডিসিদের এই নির্দেশ দেওয়া হয়েছে। ‘আমাদের তরফ থেকে নির্দেশ থাকবে যদি বাজারে অস্বাভাবিক কোনো পরিস্থিতি হয় তাহলে সেখানে যেন আইন প্রয়োগ করা হয়। এটি প্রত্যেক জেলা প্রশাসকদের বলা আছে।’
মন্ত্রিপরিষদ সচিব বলেন, বগুড়ায় নতুন একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর নাম হবে ‘বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’। এটি হলে দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় হবে ৫৪টি। তথ্যঃ বাসস।
এ ছাড়া আজকের মন্ত্রিসভার বৈঠকে পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি করার জন্য একটি আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে।