যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ঋষি সুনাক

ছবিঃ যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক।

বিদেশ ডেস্কঃ
যুক্তরাজ্যের সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাক পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নিজের অবস্থান আরও পোক্ত করলেন । কনজারভেটিভ পার্লামেন্ট সদস্যদের (এমপি) দ্বিতীয় রাউন্ডের ভোটাভুটিতে বড় ব্যবধান ধরে রেখেছেন ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঋষি সুনাক। খবর আল-জাজিরা ও এএফপির।

উল্লেখ্য গত সপ্তাহে অর্থমন্ত্রীর দায়িত্ব ছাড়েন সুনাক। প্রথম কর্মকর্তা হিসেবে তিনি পদত্যাগ করেন। এরপর শুরু হয় পদত্যাগের হিড়িক, যা বরিসকে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য করে। বরিসের পতনে তাঁর ভূমিকার জন্য দায়ী করা হলেও কনজারভেটিভ আইনপ্রণেতাদের মধ্যে সুনাক এগিয়ে আছেন।

সুনাকের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন জুনিয়র বাণিজ্যমন্ত্রী পেনি মরডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। দ্বিতীয় রাউন্ডে সর্বোচ্চ ১০১ ভোট পেয়েছেন সুনাক। ৮৩ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন রাজকীয় নৌবাহিনীর রিজার্ভিস্ট মরডেন্ট। জনসনের অনুগতদের পছন্দের প্রার্থী ট্রাস ৬৪ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন বলে এএফপি জানিয়েছে।

আগামী সোমবার লড়াই টিকে থাকা পাঁচজনের মধ্যে তৃতীয় রাউন্ডের ভোটাভুটি অনুষ্ঠিত হবে। যদি সব প্রার্থীই ৩০ ভোটের বাধা উতরে যান, তাহলে সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থী বাদ পড়বেন। এভাবে ২১ জুলাই নাগাদ প্রার্থী দুজনে নেমে আসা পর্যন্ত সবচেয়ে কম ভোট পাওয়া প্রার্থী একে একে বাদ পড়বেন।

সর্বশেষ দুই প্রার্থী থেকে নতুন নেতা বেছে নেবেন কনজারভেটিভ পার্টির দুই লাখ সদস্য। আগামী ৫ সেপ্টেম্বর বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে। ক্ষমতাসীন দলের প্রধান হিসেবে তিনিই হবেন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী।

সহকর্মীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সুনাক। তবে পার্টির ৯০০ সদস্যের ওপর ইউগভ পরিচালিত জরিপে দেখা যায়, মরডেন্ট জনপ্রিয় প্রার্থী।