বিএসএফের গুলিতে লালমনিরহাটে এক বাংলাদেশি নিহত।। আহত ২

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী(বিএসএফ) গুলিতে মুরুলী চন্দ্র(৪৩) নামে একজন বাংলাদেশি রাখাল নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২জন। ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের বুড়িরহাট সীমান্তে ।

আজ শুক্রবার(২৯ মার্চ) দিনগত মধ্যরাতে কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৩ নম্বর পিলারের একশত গজ ভারতের অভ্যান্তে এ ঘটনা ঘটে।

নিহত রাখাল মুরুলী চন্দ্র কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। আহতরাও একই এলাকার চন্দ্রপুর গ্রামের আজিমুল হকের ছেলে মিজানুর রহমান(৩৩) ও নুর ইসলামের ছেলে লিটন মিয়া(৪৩)।

জানা গেছে, প্রতিদিনের মত শুক্রবার রাতে ৪/৫ জনের একটি পাচারকারী চক্র ভারতীয় ব্যবসায়ীদের সহায়তায় গরু আনতে বুড়িরহাট সীমান্তের ৯১৩ নং পিলার এলাকা দিয়ে ভারতে অবৈধ ভাবে প্রবেশ করে। পরে গরু নিয়ে ওই সীমান্ত দিয়ে ফেরার পথে ভারতের একশত গজ অভ্যন্তরে কোচবিহার জেলার সিতাই থানার ৭৫ বিএসএফ ব্যাটালিয়নের চিত্রাকোট ক্যাম্পের টহল দল তাদেরকে লক্ষ করে কয়েক রাউন্ড গুলি করে। এতে তিন বাংলাদেশি রাখাল গুলিবিদ্ধ হয়ে আহত হন। বাকী রাখালরা আহতদের টেনে হেঁচড়ে বাংলাদেশ নিয়ে আসলে তাদের পরিবার তাদের হাসপাতালে পাঠায়। এ সময় আহত মুরুলী চন্দ্রকে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ নিহত রাখাল মুরুলী চন্দ্রের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। বাকী ২জনকে তাদের পরিবার গোপনে বেসরকারী হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন।