নিউজ ডেস্কঃ
বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন এবং দেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম প্রধান প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে অনলাইন এডিটরস অ্যালায়েন্স (ওইএ)।
আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিচ্ছেদ্য অধ্যায়। তাঁর নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম জাতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।