প্রবীণ সাংবাদিক ও কবি আহসান উল্লাহ্ মারা গেছেন

নিউজ ডেস্কঃ
প্রবীণ সাংবাদিক ও কবি আহসান উল্লাহ্ মারা গেছেন।(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )।তিনি দৈনিক জনতা পত্রিকার সম্পাদক ছিলেন। ।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দীর্ঘ দিন ধরে তিনি হার্টের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ রোববার সকালে তাকে রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ভর্তি করা হয়েছিল।সাংবাদিক আহসান উল্লাহ্ ঢাকার ১৩২/২ পশ্চিম শেওড়াপাড়া, মিরপুরের নিজ বাসভবনে পরিবার নিয়ে বসবাস করতেন।

আহসান উল্লাহ্ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সদস্য ছিলেন। তিনি কবিতা লেখার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে লেখালেখি করতেন। একজন ভালো অনুবাদকও ছিলেন তিনি।

উল্লেখ্য, আহসান উল্লাহ্ ২০০৬ সালে দৈনিক জনতায় বার্তা সম্পাদক হিসেবে যোগদান করেন। এরপর ২০১০ সাল থেকে তিনি দৈনিক জনতার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগেও তিনি দৈনিক জনতার প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন দায়িত্ব পালন করেন। আহসান উল্লাহ্ ১৯৬২ সালে দৈনিক ইত্তেফাকের মাধ্যমে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। এরপর বাংলার বাণী, বাংলাদেশ সংবাদ সংস্থা ও বার্তা সংস্থা আবাস-এ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।