নরসিংদী ইউপি চেয়ারম্যান দুর্বৃত্তের গুলিতে নিহত

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
দুর্বৃত্তদের গুলিতে নরসিংদীর রায়পুরায় মির্জারচর ইউনিয়নের চেয়ারম্যান জাফর ইকবাল মানিক(৫০) নিহত হয়েছেন।

আজ শনিবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের শান্তিপুর বাজার সংলগ্ন শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

নিহত জাফর ইকবাল মানিক মির্জাচর গ্রামের মৃত আব্দুল মোতালিব মিয়ার ছেলে। তিনি টানা দুই বার মির্জাচর ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। একই ইউনিয়নে তিনি যুবলীগ সহ-সভাপতিও ছিলেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে স্থানীয় দুই গ্রুপের মধ্যে
আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।শনিবার বিকেলে শান্তিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নদী ভাঙন বিষয়ক এক সভায় অংশগ্রহণ করেন চেয়ারম্যান জাফর ইকবাল মানিক। বিকেল সাড়ে ৪টার দিকে সভা শেষ হওয়ার পরপরই হঠাৎ অজ্ঞাতনামা দুই যুবক তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পরে বুকের বামপাশে গুলিবিদ্ধ অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে।
প্রাপ্ত তথ্যে আরও জানা গেছে, চেয়ারম্যান নিহত হওয়ার খবর পেয়ে ওই এলাকায় পুলিশ অভিযান শুরু করেছে।