নড়াইলে কলেজছাত্রের বাড়ি থেকে স্নাইপার রাইফেল উদ্ধার

নিউজ ডেস্কঃ

যৌথবাহিনীর অভিযানে  নড়াইলের কালিয়ায় সোহান মোল্যা (২৬) নামের এক কলেজ শিক্ষার্থীর ঘর থেকে একটি উন্নত মানের স্নাইপার নাইট্রো রাইফেল উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার (৮ জুন) রাত সাড়ে ১১টা থেকে ভোর রাত ৪টা পর্যন্ত উপজেলার পুরুলিয়া গ্রামে অভিযান চালায় যৌথবাহিনী। অভিযান কালে অভিযুক্ত সোহান ও তার বাবা আগেই পালিয়ে যান।

সোহান মোল্যা উপজেলার পুরুলিয়া গ্রামের আবুল কালাম মোল্যার ছেলে। তিনি খুলনার একটি কলেজের শিক্ষার্থী বলে জানান অভিযুক্তের মা।

সেনাবাহিনী জানায়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রো রাইফেলটি অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিল অভিযুক্ত সোহান। গোয়েন্দা তৎপরতা ও পর্যবেক্ষণের ভিত্তিতে নড়াইল ও কালিয়া সেনা ক্যাম্প যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে সেনা সদস্যরা আবুল কালাম মোল্যার বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে তার ছেলে সোহান মোল্যার ঘরের বিছানার নিচ থেকে উন্নতমানের স্নাইপার রাইফেলটি উদ্ধার করে। এদিকে, অভিযানের খবর পেয়ে আগেই বাড়ি থেকে পালিয়ে যান সোহান ও তার বাবা।

উদ্ধাকৃত স্নাইপার নাইট্রো রাইফেলটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। অনলাইন।