দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক লিয়াকত আলীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ

নিউজ ডেস্কঃ
দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও আধুনিক খুলনা উন্নয়নের স্বপ্নদ্রষ্টা, সাংবাদিক আলহাজ্ব লিয়াকত আলীর ৭ম মৃত্যুবার্ষিকী আজ সোমবার।
২০১৫ সালের ২৮ নভেম্বর রাতে তিনি ঢাকাস্থ হলি ফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেন।
আলহাজ্ব লিয়াকত আলীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পূর্বাঞ্চল-ট্রিবিউন পরিবারের পক্ষ থেকে নগরীর বিভিন্ন ইয়াতিমখানায় খাবার বিতরণ ও বাদ এশা পূর্বাঞ্চলের বার্তা কক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া মরহুমের শুভাকাক্সক্ষীদের পক্ষ থেকে আজ বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে গত শুক্রবার বাদ জুম্মা নগরীর ইকবাল নগর জামে মসজিদে মরহুমের পরিবারের পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

।। লিয়াকত আলীর বর্ণাঢ্য জীবনী ।।

আলহাজ্ব লিয়াকত আলী ১৯৪৮ সালের ১৭ সেপ্টেম্বর তৎকালীন গোপালগঞ্জ মহকুমার(বর্তমানে জেলা) মুকসুদপুর উপজেলার(তৎকালীন থানা) লওখ-া গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মরহুম আইনুল হক মিনা ও মাতার নাম রাবেয়া বেগম। ৮ ভাই-বোনের মধ্যে লিয়াকত আলী সবার বড়। পিতার চাকরির বদলিজনিত কারণে আলহাজ্ব লিয়াকত আলী সাতক্ষীরার কলারোয়া, খুলনার ফুলতলা এবং খুলনায় লেখাপড়া করেন। ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ষাটের দশক থেকে আলহাজ্ব লিয়াকত আলীর সাংবাদিকতা জীবন শুরু হয়। তিনি ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের প্রতিষ্ঠাতা সম্পাদক। মৃত্যুর আগ পর্যন্ত তিনি পূর্বাঞ্চলের সম্পাদক-প্রকাশকের দায়িত্ব পালন করেন। তার মৃত্যুর পর তার সহধর্মিনী বেগম ফেরদৌসী আলী ও একমাত্র পুত্র মোহাম্মদ আলী সনি পত্রিকাটির হাল ধরেন। বর্তমানে বেগম ফেরদৌসী আলী পূর্বাঞ্চলের সম্পাদক মন্ডলীর সভাপতি এবং মোহাম্মদ আলী সনি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।