নিউজ ডেস্কঃ
নাশকতার পরিকল্পনার দায়ে জেলার সদর উপজেলার বামনপুর সগুনা চারমাথা এলাকা থেকে জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
তারা হচ্ছে- সদর উপজেলা জামায়াতের নায়েবে আমীর শাহ আলম দেওয়ান (৪৪), জামায়াত নেতা নাহিদুল ইসলাম (৩২), জেলা জামায়াতের কর্মী শহিদুল ইসলাম (৫৪), আমিনুল ইসলাম (৪৮), শিপন (২৬), নুরনবী (২৫), ছাত্র শিবিরের জেলা সভাপতি আসাদুল ইসলাম আসাদ (২৮), সেক্রেটারী মামুনুর রশিদ (২৬), শিবির কর্মী মারুফ হোসেন (১৮), মেহেদী হাসান (২০) , মেশকাত শরীফ (২৩) ও সোহরাব হোসেন (২২)।
পুলিশ জানায়, শনিবার সকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে নাশকতার চেষ্টা চালায়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থল থেকে ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নূরে আলম বাসস’কে জানান, আজ সকালে বামনপুর সগুনা চারমাথা এলাকায় হঠাৎ করে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করে নাশকতার চেষ্টা চালায়। খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে পৌঁছলে পুলিশকে লক্ষ্য করে ককটেল বিষ্ফোরণ ঘটানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ১২ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তথ্য ও ছবিঃ বাসস।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) শাহেদ আল মামুন জানান, জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে বিষ্ফোরক আইন ও নাশকতার পরিকল্পনায় অভিযুক্ত করে জয়পুরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।