খুলনায় বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল মোত্তালিব স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত

রামপাল উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী
আব্দুল মোত্তালিব স্মরণে এক স্মরণ সভা ও দোয়া মাহিফল আজ শনিবার
বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। রামপাল কলেজের
সাবেক অধ্যাপক জ্যোতিষ চন্দ্র সমাজপতির সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বাগেরহাট-৩ আসনের (রামপাল
ও মোংলা উপজেলা) সাবেক সংসদ সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র
তালুকদার আব্দুল খালেক। ‘আমরা রামপালবাসী’ এ স্মরণ সভা ও দোয়া
মাহফিলের আয়োজন করে।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র মরহুম আব্দুল মুত্তালিব-এর
স্মৃতিচারণ করে বলেন, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা রাখার
পাশাপাশি দলের জন্য তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। উপজেলা আওয়ামী লীগের
সাংগঠনিক সম্পাদক থাকাকালে তিনি দলের জন্য নিষ্ঠার সাথে দায়িত্ব পালন
করেছেন। রামপাল আওয়ামী লীগের নেতা-কর্মীসহ স্থানীয় জনসাধারণ মরহুম এ
মুক্তিযোদ্ধাকে চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে বলে সিটি মেয়র উল্লেখ
করেন।
উল্লেখ্য, প্রবীণ এ আওয়ামী লীগ নেতা গত ২ নভেম্বর বৃহস্পতিবার রাত
সাড়ে ৯টায় সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়
মৃত্যুবরণ করেন। শুক্রবার বাদ জুম্মা নামাজে জানাযা ও গার্ড অব অনার
প্রদান শেষে নগরীর বসুপাড়া কবরখানায় মরহুম বীর মুক্তিযোদ্ধাকে দাফন করা
হয়।
খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল সিংহ রায়, সাবেক জেলা
জজ শেখ জামাল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা-খুলনাঞ্চলের পরিচালক অধ্যাপক
শেখ হারুনার রশিদ, রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোল্লা
আব্দুর রউফ, ভাইস চেয়ারম্যান শেখ নূরুল হক লিপন, অধ্যক্ষ মোতাহার
হোসেন, বিশিষ্ট সমাজসেবক শেখ খালিদ আহমেদসহ রামপালের বিশিষ্ট
ব্যক্তিবর্গ মরহুমের স্মৃতিচারণ করে বক্তৃতা করেন। সভা পরিচালনা করেন
সাবেক ইউপি চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন আহমেদ ও এ্যাড. মল্লিক
সাইদুর রহমান।
পরে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা
করেন কেসিসি শিক্ষক সমিতির সভাপতি মাওলানা নাসির উদ্দিন কাশেমী। খবরঃ বিজ্ঞপ্তির