খুলনায় বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বাল্যবিবাহ রোধে বিভাগীয় কমিটির ত্রৈমাসিক সভা আজ (রবিবার) দুপুরে খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন সভাপতিত্ব করেন।

সভায় বিভাগীয় কমিশনার বলেন, বাল্যবিবাহ রোধে সরকারি-বেসরকারি উভয় দপ্তরকে কাজ করতে হবে। এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ রোধে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাল্যবিবাহরোধে জনসচেতনতা বৃদ্ধিতে প্রচার-প্রচারণা বাড়াতে হবে। কোন জেলায় বাল্যবিবাহ সংঘটিত হলে সংশ্লিষ্ট দপ্তর এবং জেলা প্রশাসনকে জানাতে হবে। তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে স্কুল পর্যায়ে সভার আয়োজন করতে হবে। এছাড়া মসজিদের ইমামগণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

সভায় জানানো হয়, বাল্যবিবাহ প্রতিরোধে টোল ফ্রি হটলাইন ১০৯,৯৯৯ ও ১০৯৮ নাম¦ারে যোগাযোগ করা যাবে। গত তিন মাসে খুলনা বিভাগের ১০ জেলায় একশত ৭৪ টি বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে। এছাড়া পাঁচশত ৪৩টি উঠান বেঠক অনুষ্ঠিত হয়েছে।

সভায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায়, মহিলা বিষয়ক দপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দীকা, প্রেসক্লাবের সভাপতি-সহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যরা অংশ নেন। খবরঃ বিজ্ঞপ্তির