কম্বোডিয়ায় সুষ্ঠু নির্বাচন না হওয়ায় মার্কিন ভিসা নিষেধাজ্ঞা আরোপ

আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্র কম্বোডিয়ায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়ায় দেশটিতে সাহায্য সহায়তা স্থগিত করেছে । এছাড়াও কিছু ব্যক্তির উপর করা হয়েছে ভিসা নিষেধাজ্ঞা ।

সোমবার ২৪ জুলাই সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, দেশটির সাধারণ নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই রোববার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দেয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওয়াশিংটন এই নির্বাচন নিয়ে ‘বিচলিত’। কারণ এখানে প্রধানমন্ত্রী হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টি সিপিপি কোন কার্যকর প্রতিপক্ষের মুখোমুখি হয়নি। সুতরাং বলাই যাচ্ছে, নির্বাচন ‘অবাধ বা সুষ্ঠু ছিল না’।

স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার বিজ্ঞপ্তিতে বলেন, ‘এমনকি নির্বাচন শুরুর আগ থেকেই ক্ষমতাসীন সরকার বিরোধী দল, মিডিয়া ও সিভিল সোসাইটির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, যা সংবিধানকে অবজ্ঞা করার সমান। আর আর্ন্তজাতিক মানের একটি নির্বাচনের ধারে কাছেও যায়নি এই নির্বাচন।’

তিনি বলেন, এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র প্রশ্নবিদ্ধ এই নির্বাচনের সাথে জড়িতদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করছে। পাশাপাশি কিছু বিদেশি সহায়তা কর্মসূচি স্থগিত করলো। তথ্যঃ অনলাইন।

এছাড়াও সরকারি দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনও সময় আছে তারা আর্ন্তজাতিক মানের একটি নির্বাচনের আয়োজন করতে পারে।