অ্যাডভোকেট সাইফুলসহ ৫ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
অ্যাডভোকেট সাইফুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে ৭৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আজ বুধবার (২৮ আগস্ট) দুপুরে সদর থানায় মামলা দায়ের হয়েছে। সমিতির সদস্য সচিব নুরুল হাসান রুবা মামলাটি দায়ের করেন।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম খুলনা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি দায়িত্বে রয়েছেন ।

উক্ত মামলার অন্য আসামিরা হলেন- জেলা আইনজীবী সমিতির সাবেক দুই সাধারণ সম্পাদক তারিক মাহমুদ তারা ও কে এম ইকবাল হোসেন, সাবেক সভাপতি কাজী বাদশা মিয়া ও সাইফুলের ক্যাশিয়ার ইসতিয়াক।

প্রাপ্ত তথ্য জানা গেছে, খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) কামাল হোসেন খান মামলাটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, আইনজীবীদের জন্য ২০২০ সালের ১২ অক্টোবর বিশেষ কল্যাণ তহবিল গঠন করা হয়। সেই টাকা দিয়ে পাঁচ বছর মেয়াদি সঞ্চয়ী স্কিম করে টাকা জমা দেওয়া শুরু হয়।সাড়ে ৩ বছরে সেখানে ৩ কোটি ৮০ লাখ ২৬ হাজার ৫১২ টাকা জমা হয়। সেই ব্যাংক হিসাব ভেঙে ফেলে ৩ কোটি ৭৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলন করেন আসামিরা।এরপর ২ কোটি ৪০ হাজার ৪৪০ টাকা আইনজীবীদের মাঝে বণ্টন করেন এবং এক কোটি টাকার একটি এফডিআর করেন। বাকি ৭৩ লাখ ৮৫ হাজার ৯৬০ টাকা তারা আত্মসাৎ করেছেন। আইনজীবী সমিতির সাধারণ সভায় ১৩ আগস্ট এ বিষয়ে মামলা করার সিদ্ধান্ত হয়।