যুক্তরাষ্ট্রে বাল্টিমোর শহরে বন্দুক হামলায় নিহত ২ ও আহত ২৮

আন্তর্জাতিক ডেস্কঃ
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় দুজন নিহত ও অন্তত ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক

রোববার দেশটির মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরে এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের বরাত দিয়ে বিবিসির ওই প্রতিবেদন বলা হয়, রোববার ব্রুকলিন হোমস এলাকার গ্রেটনা এভিনিউয়ের আটশো নম্বর ব্লকে ‘ব্রুকলিন দিবস’ উদযাপনকালে এ ঘটনা ঘটে। হামলাকারী অন্তত ২০ থেকে ৩০টি গুলি ছোড়ে। এছাড়া মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, বাল্টিমোরের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার রিচার্ড ওরলে বলেছেন, রোববার রাত সাড়ে ১২টার দিকে তাদের কাছে বেশ কয়েকটি কল আসে। খবর পাওয়ার পরই তারা ঘটনাস্থলে পৌঁছায়। সেসময় এক নারীকে নিহত অবস্থায় ও নয়জনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। অনলাইন।
স্থানীয় মেয়র ব্র্যানডন স্কট জানান, ঘটনাটি হৃদয়বিদারক। কাপুরুষ হামলাকারীর গুলিতে দুজনের প্রাণ ঝরেছে ও বেশ কয়েকজনের জীবন চিরস্থায়ীভাবে এলোমেলো হয়ে গেছে।