খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের বার্তা সম্পাদক অরুন সাহা (৬০) আজ রবিবার (০১ জানুয়ারি) সন্ধ্যা ৭.৩৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইহলোক ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত ২০ ডিসেম্বর তাঁর পিতা অনীল কুমার সাহা ইহলোক ত্যাগ করেন।
এদিকে সাংবাদিক অরুণ সাহার মৃত্যুতে তাঁর আত্মার শান্তি কামনাসহ গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজাসহ কার্যনির্বাহী পরিষদের সদস্যবৃন্দ।
পারিবারিক ও সহকর্মীদের সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে অরুন সাহা বুকে ব্যাথা অনুভব করলে তাৎক্ষনিক তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার অবস্থার আরও অবনতি হয়। পরে তাকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে প্রয়াত সাংবাদিক অরুন সাহা’র প্রতি শেষশ্রদ্ধা জানাতে তাঁর মরদেহ আগামীকাল সোমবার সকাল ১০ থেকে বেলা ১১টা পর্যন্ত তাঁর শেষ কর্মস্থল পূর্বাঞ্চলে রাখা হবে। এছাড়া সাংবাদিক ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত খুলনা প্রেসক্লাব চত্বরে তাঁর মরদেহ রাখা হবে। এরপর ধর্মসভা মন্দির হয়ে রূপসা মহাশ্মশানে নিয়ে তাঁর মরদেহের শেষকৃত অনুষ্ঠিত হবে।