খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) খন্দকার ইয়াসির আরেফীন

নিউজ ডেস্কঃ
খুলনার নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। গত পরশু বুধবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপন থেকে এমনটি জানা যায়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে দেশের ২৩জন জেলা প্রশাসককে পদায়নের কথা উল্লেখ রয়েছে।
নীলফামারীর জেলা প্রশাসকের দায়িত্ব পালনের আগে খন্দকার ইয়াসির আরেফীন কৃষিমন্ত্রীর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। গত ১৬ জানুয়ারি তিনি নীলফামারীর জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। ইয়াসির আরেফীন ২৪তম বিসিএসের মাধ্যমে ক্যাডার সার্ভিসে যোগ দেন।
এদিকে, জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করলেও এখন পর্যন্ত খুলনা ও নীলফামারীর জেলা প্রশাসকদ্বয় স্ব-স্ব পদে বহাল রয়েছেন।

উল্লেখ্য, খুলনার জেলা প্রশাসক মো: মনিরুজ্জামান তালুকদার এর আগে উপসচিব থেকে যুগ্ম সচিব পদে পদোন্নতি পান।