নিউজ ডেস্কঃ
জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী অলকা ইয়াগনিক অনেক দিন ধরেই গান থেকে দূরে। যাঁর কণ্ঠে প্রায় চার দশক ধরে অসংখ্য সুপারহিট গান শুনেছে শ্রোতারা। ২০২৪ সালে হঠাৎ করেই থেমে যায় তাঁর গানের যাত্রা। সেসময় নিজেই জানান, তিনি শ্রবণশক্তি হারিয়েছেন।
একটি ভাইরাস সংক্রমণের কারণে বিরল স্নায়বিক সমস্যায় আক্রান্ত হন এই কিংবদন্তি গায়িকা। এর ফলে তাঁর শ্রবণশক্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং গান গাওয়া বন্ধ রাখতে বাধ্য হন তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাঁর অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। এখনো নিয়মিত গান গাওয়ার মতো অবস্থায় ফিরতে পারেননি।
গায়িকার কথায়, সুরকার ও গীতিকাররা এখনো তাঁকে গান গাওয়ার প্রস্তাব দেন, কিন্তু তিনি সেই আহ্বানে সাড়া দিতে পারছেন না।
২০২৪ সালে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ‘বিমান থেকে নামার পর হঠাৎই অনুভব করেন কানে কিছুই শুনতে পাচ্ছেন না। পরে চিকিৎসকের পরামর্শে জানা যায়, ভাইরাসের আক্রমণে সৃষ্ট একটি বিরল স্নায়ুর সমস্যার কারণে এই অবস্থা হয়েছে।’