(ফাইল ছবি))
নিউজ ডেস্কঃ
গোপালগঞ্জে ১৬ জুলাই এনসিপির পদযাত্রায় বাধা দিতে সড়ক অবরোধ করে দু’টি মোটরসাইকেল পোড়ানোর অভিযোগে (অন্তর্বর্তী সরকারের নিষিদ্ধ ) আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের ৩৫৪ জনকে আসামি করে গোপালগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই শামীম আল মামুন বাদী হয়ে মামলাটি করেছেন।
এ মামলায় ৫৪ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও তিনশ’ জনকে। শনিবার বিকেল সোয়া তিনটায় গোপালগঞ্জ সদর থানার ওসি মির মোহাম্মদ সাজেদুর রহমান বিষয়টি (গণমাধ্যমে প্রকাশিত) নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে বলা হয়েছে, গত ১৬ জুলাই বুধবার গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচি ছিল। এ পদযাত্রায় বাধা দিতে ওই দিন সকালে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড়ে আসামিরা ব্যারিকেড সৃষ্টি করে। সেখানে তারা উত্তেজনাপূর্ণ স্লোগান দিতে থাকে। ওই সড়কে যানবাহন ও পথচারী চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে আসামিরা সেখানে দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়।