ঐকমত্য কমিশন ব্যর্থ হলে, সে ব্যর্থতা সবার হবেঃ আলী রীয়াজ

ছবি: জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৪তম দিনের আলোচনায় বক্তব্য দেন অধ্যাপক আলী রীয়াজ।

নিউজ ডেস্কঃ

 জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন ব্যর্থ হলে এ ব্যর্থতা সবার।

 

তিনি বলেন, ‘আসলে কমিশন কোনো আলাদা সত্তা নয়। কমিশন আপনাদের আমাদের সবার অংশীদার। ফলে যদি আমরা কোথাও কোথাও ব্যর্থ হই, সে ব্যর্থতা আমাদের সবার। কমিশনের ব্যর্থতা নয়। কমিশনের কোনো ব্যর্থতা হলে সে ব্যর্থতা আমাদের সবার হবে।’

আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল মাল্টিপারপাস হলরুমে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৪তম দিনের আলোচনার শুরুতে এ কথা বলেন অধ্যাপক আলী রীয়াজ।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আলী রীয়াজ বলেন, ‘যে দায়দায়িত্ব আমাদের ওপর অর্পিত হয়েছে, রাজনৈতিক দল হিসেবে সে দায়িত্ব আপনাদের ওপর। আমরা কেবল অংশীদার হয়েছি মাত্র।’

রাজনৈতিক দলগুলোকে আলোচনায় এক জায়গায় আসার অনুরোধ জানান আলী রীয়াজ। আগামী কয়েক দিনের মধ্যে সিদ্ধান্তে আসার প্রয়োজনীয়তার কথা বলেন তিনি। সব রাজনৈতিক দলকে যত দূর সম্ভব এক জায়গায় আসার জন্য একাধিকবার অনুরোধ জানান তিনি।

আজকের আলোচনায় দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদের বিষয়ে গতকাল অসমাপ্ত বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। এরপর নারী আসনের নির্বাচনের পদ্ধতি নিয়ে আলোচনা হবে। আজকে এই দুই বিষয়ে চূড়ান্ত ঐকমত্যের পৌঁছানোর কথা রয়েছে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (জাতীয় ঐকমত্য কমিশন) মনির হায়দারের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। এ ছাড়া উপস্থিত আছেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান ও মোহাম্মদ আইয়ুব মিয়া।

আজকের আলোচনায় অংশ নিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল।