ফাইল ছবি।
শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা উৎসব-২০২৫ উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ১১ জুলাই ‘২৫ শুক্রবার অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সার্বিক পরিচালনায় এবং শ্রীশ্রী সত্যনারায়ণ মন্দির, টুটপাড়া গাছতলা মন্দির ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন), খুলনা’র আয়োজনে বিকেল ৩টায় জোড়াগেটস্থ প্রেমকানন অঙ্গনে মহাধুমধামে উৎসবমুখর পরিবেশে উল্টো রথযাত্রার অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তিবিনয় স্বামী মহারাজ, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনার উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম ও ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাদ চারুচন্দ্র দাস ব্রক্ষ্মচারী। এছাড়া আমন্ত্রিত অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধী ভক্তবৃন্দ এবং বিভিন্ন থানা কমিটি, ধর্মীয় সংগঠন, মন্দির কমিটি, ধর্মীয় সাংস্কৃতিক সংগঠনের উপস্থিতি ও সক্রিয় সহযোগিতায় এ অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে উঠবে। উপস্থিত ভক্তবৃন্দ জগন্নাথদেবের প্রতিকৃতি সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লাকার্ডসহ শঙ্খ-ঘণ্টা, খোল-করতাল, ডাঙ্কা প্রভৃতি বাদ্যযন্ত্র বাজিয়ে নামসংকীর্তন করতে করতে শোভাযাত্রা সহকারে বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তবৃন্দ জোড়াগেটস্থ প্রেমকানন অঙ্গণ থেকে শ্রীশ্রীজগন্নাথদেবের রথের দড়ি টেনে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্ব-স্ব মন্দিরে প্রত্যাবর্তন করবে। শ্রীশ্রীজগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠানে যথাসময়ে সকল ভক্তকে উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার পক্ষ থেকে সভাপতি শ্যামল হালদার এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু আমন্ত্রণ জানিয়েছেন। খবরঃ বিজ্ঞপ্তির