নিউজ ডেস্কঃ
ফেনীতে ২০২৪ সালের মতো আবারও সেই বন্যার মুখোমুখি হলো ফেনীবাসী। এবারের ভয়াবহ বন্যায় ফুলগাজী-পরশুরামের মানুষের সময় কাটছে চরম অনিশ্চয়তায়।
গত ৮ জুলাই থেকে টানা বৃষ্টি ও ভারতের উজানের পানির স্রোতের মুহুরী ও সিলোনিয়া নদীর ১৪টি স্থানে বাঁধ ভেঙে যায়।এছাড়া মুহুরী নদীর আরো ৪টি স্থানে বাঁধের ওপর দিয়ে পানি প্রবাহিত হয়ে ফুলগাজী ও পরশুরামের প্রায় ৩০টি গ্রাম প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে।
এরমধ্যে ফুলগাজী সদরে নিলখী, দেরপাড়া, গোসাইপুর, শ্রীপুর, মুন্সিরহাট, বরইয়া, মনতলা, গাবতলা ও নোয়াপুর আর পরশুরাম উপজেলার উত্তর ধনীকুন্ডা, মধ্যম ধনীকুন্ডা, রামপুর, দুর্গাপুর ও রতনপুর প্লাবিত হয়েছে বলে জানা গেছে। এ ছাড়া পশুরামের বল্লারমুখায় অসমাপ্ত বাঁধের ভারতের অংশ ভেঙে উজানের পানি বাংলাদেশের ঢুকছে। ফলে কানকাতিয়াপুর গ্রামের আশপাশের এলাকা প্লাবিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ায় সিলোনিয়া নদীর মির্জানগর ইউনিয়নের কয়েকটি স্থানে বাঁধের ফাটল ধরেছে।