নিউজ ডেস্কঃ
আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ চিকিৎসা শেষে দেশে ফিরেছেন । রোববার (৮ জুন) দিবাগত রাত দেড়টায় থাই এয়ারওয়েজের টিজি-৩৩৯ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর রাত ১টা ৪৫ মিনিটে হুইলচেয়ারে করে তিনি ইমিগ্রেশন কাউন্টারে যান। প্রায় এক ঘণ্টা পর, রাত ২টা ৪৫ মিনিটে তার ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হয়। এরপর রাত ৩টার দিকে তিনি বিমানবন্দর ত্যাগ করেন।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন। বিমানবন্দর সূত্রেও একই তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ৮ মে গভীর রাতে চিকিৎসার জন্য থাই এয়ারওয়েজের টিজি-৩৪০ ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।