খুলনা জেলার বটিয়াঘাটায় মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় এসআই (নিঃ) কৌশিক কুমার সাহার নেতৃত্বে বটিয়াঘাটা থানা পুলিশের একটি চৌকশ দল তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো ১। মিল্টন মন্ডল (৩২), ২। আফরোজা খাতুন (২২), ৩। মোঃ মারুফ শেখ (২২) ও ৪। সুমন সরদার (২৬)। মিল্টন মন্ডলকে গত 20/03/2025 খ্রিঃ ও আফরোজা খাতুনকে গত ২১/০৩/২০২৫ খ্রিঃ বটিয়াঘাটা থানা এলাকা হতে এবং মোঃ মারুফ হোসেন ও সুমন সরদারকে গত ২২/০৩/২০২৫ ও 27/03/ 2025 খ্রিঃ বাগেরহাট জেলার মংলা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ছিনতাইকৃত ০১ টি ইয়ামাহা এফজেড ভি-২ মোটরসাইকেল ও ০১ টি হেলমেট উদ্ধার করা হয়।
উল্লেখ্য যে, ভিকটিম মোঃ আল মামুন শেখ এর সাথে গত ৩১/০১/২০২৫ খ্রিঃ ফেসবুকের মাধ্যমে গ্রেফতারকৃত আফরোজার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তারা গত ০১/02/2025 খ্রিঃ খুলনা মহানগরীর লবনচরা থানাধীন সাচিবুনিয়া মোড়ে দেখা করে । কথাবার্তা শেষে সন্ধ্যার সময় গ্রেফতারকৃত আফরোজা ভিকটিম মোঃ আল মামুন শেখকে তার বাড়ীতে পৌঁছে দেওয়ার অনুরোধ করলে মামুন তার ব্যবহৃত ইয়ামাহা এফজেড ভি-২ মোটরসাইকেলযোগে আফরোজাকে নিয়ে রওনা করে। তারা বটিয়াঘাটা থানাধীন দাউনিয়াফাদ গ্রামের মল্লিকের মোড় এলাকায় পৌঁছালে গ্রেফতারকৃত মিল্টন মন্ডলসহ ৪ জন তাদের রাস্তা অবরোধ করে এবং মামুনকে মারপিট করে বিলের মধ্যে বেঁধে রেখে তার ব্যবহৃত ১টি ইয়ামাহা এফজেড ভি-২ মোটরসাইকেল, ১টি মোবাইল, ১টি ড্রাইভিং লাইসেন্স, ১টি ভোটার আইডিকার্ড ও নগদ ১৫০০ টাকা নিয়ে পালিয়ে যায়।
এই ঘটনায় বটিয়াঘাটা থানায় একটি মামলা রুজু হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত মিটন মন্ডল ও আফরোজা খাতুন বিজ্ঞ আদালতে ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে। খবরঃ বিজ্ঞপ্তির