বিদেশ ডেস্কঃ
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা জানিয়েছে নিজেদের পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে শুক্রবার একটি আইন পাস করেছে । দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন এই সিদ্ধান্তকে ‘অপরিবর্তনযোগ্য’ বলে অভিহিত করেছেন এবং পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো আলোচনার সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা এএফপি।
সরকারী কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বলেছে , আইনটি উত্তর কোরিয়াকে “স্বয়ংক্রিয়ভাবে” এবং “অবিলম্বে শত্রু বাহিনীকে ধ্বংস করার জন্য” একটি প্রতিরোধমূলক পারমাণবিক হামলা চালানোর অনুমতি দেবে।
কেসিএনএ-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পাস করা এই আইনটিতে নিজেদের আত্মরক্ষার জন্য পারমাণবিক হামলার অধিকারকেও অন্তর্ভুক্ত করেছে উত্তর কোরিয়া। তথ্যঃ অনলাইন ।
কেসিএনএ আরও জানায়, কিম জং উন বলেছেন, নতুন প্রণীত আইনের মাধ্যমে, পরমাণু অস্ত্রের রাষ্ট্র হিসাবে আমাদের দেশের মর্যাদা অপরিবর্তনীয় হয়ে উঠেছে।
এর আগে জুলাই মাসে কিম বলেছিলেন যে তার দেশ যুক্তরাষ্ট্র এবং দক্ষিণের সাথে যে কোনও যুদ্ধে তার পারমাণবিক সক্ষমতা সচল করতে প্রস্তুত। তিনি তার বক্তব্য পুনর্ব্যক্ত করে বলেন, পিয়ংইয়ং কখনই ওয়াশিংটনের শত্রুতা মোকাবেলায় প্রয়োজনীয় পারমাণবিক অস্ত্র ত্যাগ করবে না।