নগরীর টুটপাড়া এলাকায় স্থানীয় সংখ্যালঘু এক পরিবারের বাড়িতে মাঝরাতে অগ্নি নিক্ষেপের ঘটনা

ছবিঃ মাঝরাতে প্রয়াত পরিতোষ সরকারের বাড়িতে অগ্নি নিক্ষেপে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ঘরের বিভিন্ন স্থান ।

প্রতিবেদকঃ
নগরীর টুটপাড়া মেইন রোড (জোড়াকল বাজার) এলাকার স্থায়ী নিবাসী
প্রয়াত পরিতোষ সরকারের বাড়িতে কে বা কারা অগ্নি নিক্ষেপ করেছে।এতে ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও বাড়ির রান্না ঘরের বেশকিছু মালামাল পুড়ে গিয়েছে ।বুধবার রাত আড়াইটার দিকে ঘটনাটি সংগঠিত হয়।

এ বিষয়ে পরিবারের মেঝ ছেলে প্রনব সরকার জানান, আমাদের পরিবারের সকলে ঘুমিয়ে থাকা অবস্থায় মাঝরাতে সারা ঘর ধোঁয়ায় ভরে যায় ।এরপর আমরা জেগে উঠে দেখতে পাই – বাড়ির রান্না ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে । এ অবস্থায় আগুনের পোড়া গন্ধ পেয়ে আমরাসহ আশেপাশে প্রতিবেশিরা বালতি ভরে ভরে পানি দিয়ে আগুন নেভাই।

তিনি আরও জানান, ধারনা করা হচ্ছে বাড়ির পশ্চিম পাশ থেকে অজ্ঞাতনামা কে বা কারা রান্না ঘরের চালের ফাকা থেকে আগুন লাগিয়ে দেয়। যার ফলে বেশ কিছু মালামাল পুড়ে যায় ।

পরিবারের সদস্যদের একজন বলেন, আগ্নি নিক্ষেপের স্থানের পাশেই রান্নার গ্যাস সিলিন্ডার ছিল। আগুন নেভাতে দেরী হলে বড় কোন দুর্ঘটনার কবলে আমাদের পড়তে হতো ।

পরিবারের বড় ছেলে প্রদীপ সরকার এ বিষয়ে জানান, ঘটনার সাথে সাথে আমরা গাছতলা মন্দির কমিটির নেতৃবৃন্দকে বিষয়টি জানিয়েছি। পাশাপাশি সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করার চিন্তা ভাবনা করছি।

এছাড়া ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্থানীয় কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগী পরিবারের প্রতি সহানুভূতি জানান।

উল্লেখ্য অনেকেই আশংকা করছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর দেশের বিভিন্ন স্থানে আক্রমণের মত এ ঘটনা কিনা সেটা খতিয়ে দেখার প্রয়োজনীয়তা রয়েছে।