নিউজ ডেস্কঃ
হরতাল সমর্থকরা মোহনগঞ্জ এক্সপ্রেসের তিনটি বগিতে আগুন দিয়েছে।ঘটনাটি ঘটেছে রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে।এতে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৫টার দিকে এ আগুন দেয়ার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদর দফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ট্রেনের একটি বগি থেকেই চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তথ্যঃ অনলাইন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ করে ট্রেনটিতে আগুন দেখতে পান তারা। আগুন লাগার ঘটনায় চারজন মারা গেছে। তাদের মধ্যে দুজন পুরুষ, একজন নারী ও একটি শিশু। মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মৃতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন: নাদিরা আক্তার পপি (৩৫) ও তার ছেলে ইয়াসিন (৩)। সাথে ছিল ইয়াসিনের বড় ভাই ফাহিম (৮) ও মামা হাবিবুর। তারা অক্ষত আছে।
ইয়াসিনের পরিবার নেত্রকোনার বাড়ি থেকে ঢাকার বাসায় ফিরছিলেন বলে জানা গেছে।
ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বলেন, ‘হরতাল সমর্থকরা তেজগাঁও রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জ এক্সেপ্রেসের ৩টি বগিতে আগুন ধরিয়ে দেয়। ভোর ৫টা ৪ মিনিটে আমাদের কাছে এ সংবাদ আসে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ৩টি ইউনিট পাঠানো হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর পৌনে ৭টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। একটি বগি থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’