নিউজ ডেস্কঃ
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সারাদেশে ৪২ দিন কোচিং সেন্টার বন্ধ থাকবে । পরীক্ষা উপলক্ষে আগামী ১৪ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশের কোচিং সেন্টার বন্ধ থাকবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছাচ্ছে না। ১৭ আগস্ট থেকেই এইচএসসি পরীক্ষা শুরু। আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা পুনঃবিন্যাসকৃত সিলেবাসে একটি বিষয় বাদে সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ন সময়ে অনুষ্ঠিত হবে জানিয়েছেন শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি।
মঙ্গলবার বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৩ সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গঠিত জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভায় এ কথা বলেন তিনি। অনলাইন।
শিক্ষামন্ত্রী জানান, এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি ) বিষয়ের পরীক্ষা ৭৫ নম্বরে হবে। এর মধ্যে লিখিত ৫০ নম্বর (২০ এমসিকিউ, ৩০ লিখিত) আর ব্যবহারিক ২৫। এ ছাড়া অন্য সব বিষয়ে পূর্ণ নম্বরে, পূর্ণ সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে।