নিউজ ডেস্কঃ
জমি নিয়ে বিরোধের জেরে যশোরের সদর উপজেলায় শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক সাবেক নেতাকে হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ২০ মিনিটের দিকে মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পরই কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযুক্ত শফিয়ার শেখকে আটক করেছে।
নিহত আবু তালেব মুনসেফপুর গ্রামের মৃত শেখ মোতালেবের ছেলে। তিনি কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সদস্য ছিলেন।
জানা গেছে, স্বজনেরা আহত অবস্থায় আবু তালেবকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।