নিউজ ডেস্কঃ
পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক (আইজিপি) পৃথক দুই হত্যা মামলায় একেএম শহীদুল হককে সাত দিন ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান রিমান্ডের এ আদেশ দেন।
এদিন ভোরে তাদের আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন।
শুনানি শেষে বিচারক শহীদুল হকের সাত এবং আব্দুল্লাহ আল মামুনের আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে দুজনকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের সাবেক দুই মহাপরিদর্শক শহীদুল হক উত্তরা থেকে এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুনের নামে মামলা হওয়ায় তিনি আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন।
ফলে রাতে পুলিশ তাকে হেফাজতে নেয় বলে জানায় ডিএমপি।
চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মোহাম্মদপুর থানার আবু সায়েদ হত্যা মামলায় রিমান্ডে নেয়া হয়।
অন্যদিকে শহীদুল হককে রিমান্ডে নেওয়া হয় নিউমার্কেট থানার ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায়।
একেএম শহীদুল হক ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পুলিশের আইজিপি হিসেবে নিয়োগ পান। তিনি ২০১৮ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত এ পদে ছিলেন। আইজিপি পদে পদোন্নতি পাওয়ার আগে তিনি সচিব পদমর্যাদায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন ও অপারেশন) হিসেবেও কর্মরত ছিলেন।