সাবেক এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল ও তার পরিবারের ১২১ ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

নিউজ ডেস্কঃ

আদালত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও সাবেক এমপি শেখ সালাহউদ্দিন জুয়েল ও তার স্ত্রী, তিন ভাই, ভাইদের স্ত্রী ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ১২১টি ব্যাংক হিসাব ও ৩টি এমএফএস ও ৩টি বিও হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন ।

শেখ সালাহউদ্দীন জুয়েল একজন ব্যবসায়ী। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে রবিবার (৩০ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন।অনলাইন।

জানা যায়, ১২১টি ব্যাংক হিসাবে ৪৮ কোটি ৪৭ লাখ ৮৫ হাজার ৬২৯ টাকা রয়েছে।

দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফেরদৌস রহমান তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, শেখ সালাহউদ্দিন জুয়েল ও তার তিন ভাইসহ পরিবারের অন্যান্যদের বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে অর্থ উপার্জন করার অভিযোগ রয়েছে। সেজন্য দুদক অনুসন্ধান টিম গঠন করেছে।

অনুসন্ধানে জানা যায়, শেখ সালাহউদ্দিন, তার স্ত্রী শাহানা ইয়াসমিন, তার ভাই শেখ সোহেল ও সোহেলের স্ত্রী শিরিন শেখ, শেখ জালাল উদ্দিন রুবেল ও তার স্ত্রী ফারমিনা খানম, শেখ বেলাল উদ্দিন ও তার স্ত্রী শেখ ওয়াহিদা সুলতানা, তাহমিনা খবির এবং তাদের সন্তান ও স্বার্থ সংশ্লিষ্টদের নামে পরিচালিত ১২১টি ব্যাংক হিসাব, ৩টি এমএফএস এবং ৩টি বিও হিসাব পাওয়া যায়।