শিল্পাচার্য জয়নুল আবেদীনের স্ত্রী জাহানারা আবেদীন মারা গেছেন

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ
শিল্পাচার্য জয়নুল আবেদীনের স্ত্রী জাহানারা আবেদীন চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৪ বছর।

মৃত্যুকালে তিন ছেলে ময়নুল আবেদীন মিতু, খায়রুল আবেদীন ও সারোয়ার আবেদীনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

১৯৪৬ সালে শিল্পাচার্য জয়নুল আবেদীনের সঙ্গে জাহানারা আবেদীন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দীর্ঘসময় জয়নুলকে সবচেয়ে কাছ থেকে দেখেছেন তিনি। জয়নুল আবেদীন ১৯৭৬ সালে মারা যান। সেই থেকে স্বামীর স্মৃতিজড়িত বাড়িতে বাস করছিলেন জাহানারা।

এদিকে, জাহানারা আবেদীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

এক শোক বার্তায় উপাচার্য বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদীনের সাফল্যের পিছনে জাহানারা আবেদীনের অসাধারণ অবদান ছিল। শিল্পাচার্যের ছবি আঁকা, শিল্পচর্চা ও দৈনন্দিন কাজে তিনি সবসময় পাশে থেকেছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন।