শিক্ষিত জনগোষ্ঠী তৈরীর পাশাপাশি, অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে সরকারঃ সেখ জুয়েল এমপি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুুষ্পুত্র ও খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল বলেছেন, শিক্ষিত জনগোষ্ঠী তৈরীর পাশাপাশি, অবকাঠামোগত উন্নয়নে কাজ করছে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার। শিক্ষার মান বৃদ্ধি ও গুনগত মানসম¥ত পরিবেশ গড়ার লক্ষে সরকার ব্যাপক পরিকল্পনা গ্রহন করেছে। ইতোমধ্যে নগরীতে ১০টি হাইস্কুলে ৬তলা বিশিষ্ট ভবন নির্মান, ৩টি মাদ্রাসায় ৪তলা বিশিষ্ট ভবন নির্মাণ, ১৪ টি স্কুলে উর্ধ্বমুখী সম্প্রসারণ ও বিদ্যালয় সংস্কার বাবদ ১০ লক্ষ টাকা করে ৩০ টি বিদ্যালয়ে ৩ কোটি টাকা দেওয়া হয়েছে। এছাড়াও ৪টি সরকারি স্কুলে ও ৩টি সরকারি কলেজে ১০তলা বিশিষ্ট ভবন নির্মান কাজ শুরু হয়েছে, যা খুব দ্রুতই সম্পন্ন হবে। সেই ধারাবাহিকতায় হ্যানে রেলওয়ে স্কুলের দৃষ্টিনন্দন গেটের উদ্বোধন হচ্ছে। এভাবেই ব্যপক অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে শিক্ষাখাতে, ফলে বৃদ্ধি পাচ্ছে শিক্ষার মান, তৈরী হচ্ছে শিক্ষিত জনগোষ্ঠী।
গতকাল বৃহস্পতিবার দুপুর ১২ টায় নগরীর ঐতিহ্যবাহী হ্যানে রেলওয়ে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান গেটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবীদ ড. মোঃ সাঈদুর রহমান।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপন। এসময়ে উপস্থিত ছিলেন চৌধুরী রায়হান ফরিদ, গৌতম লষ্কর, মো. মিজানুর রহমান, শরীফ আতিয়ার রহমান, প্রশান্ত কুন্ডু, মো. ইকবাল খান বাদল, মো. তারিকুল ইসলাম সুমন, তাজদিকুর রহমান জয়, মো. আমিরুল ইসলাম বাবু, মো. ইমরান হোসেন, উজ্জল মাহমুদসহ বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীবৃন্দ, বর্তমান ও সাবেক শিক্ষার্থীবৃন্দ, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপস্থিত অতিথি বৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। বিশেষ করে মেইন গেট নির্মাণ ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, বাউন্ডারী ওয়াল নির্মান ও ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের প্রক্রিয়া হাতে নেয়ায় সংসদ সদস্যের প্রতি ধন্যবাদ জানান। বিদ্যালয়ের উন্নয়নের নেপথ্যের কারিগর ও ম্যানেজিং কমিটির সভাপতি জনাব ড. মোঃ সাঈদুর রহমানের ঐকান্তিক প্রচেষ্টায় সকল উন্নয়ন মূলক কাজ আরো ত্বরান্বিত হবে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, মুক্তিযুদ্ধ ও ’৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও বিদ্যালয়ের সার্বিক উন্নতি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা মো. সাইফুল ইসলাম। খবরঃ বিজ্ঞপ্তির