নিউজ ডেস্কঃ
রংপুরে জ্যেষ্ঠ এক সাংবাদিককে ‘মব সৃষ্টি’ করে তুলে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে।
আজ রোববার দুপুরে নগরীর কাচারিবাজার থেকে তুলে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ ভুক্তভোগী সাংবাদিক লিয়াকত আলী বাদলের। তিনি একটি বেসরকারি টেলিভিশন ও বাংলা ট্রিবিউনের রংপুর প্রতিনিধি ।
লিয়াকত আলী গণমাধ্যমকে জানান, এনায়েত আলী ওরফে রকি ও তার লোকজন তুলে নিয়ে তাকে মারধর করে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে ক্ষমা চাইতে বলেন। সংবাদ প্রকাশের জেরে এ ঘটনা ঘটেছে বলে দাবি তার।
এদিকে সাংবাদিককে মারধরের প্রতিবাদে তাৎক্ষণিক রংপুর সিটি করপোরেশনের সামনে বিক্ষোভ করেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা। তারা জানান, সাংবাদিককে মারধরের ঘটনায় সোমবার বেলা ১১টায় রংপুরে মানববন্ধন করা হবে। জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে সেখানে নতুন কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
সাংবাদিক লিয়াকত আলী বলেন, ‘রংপুর সিটি করপোরেশনে অটোরিকশার লাইসেন্স প্রদানে দুর্নীতি-সংক্রান্ত একটি সংবাদ করায় আমাকে তুলে নিয়ে মারধর করা হয়েছে।’
রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক গণমাধ্যমকে বলেন, হামলার মাস্টারমাইন্ড সিটি করপোরেশনের সিইও। তাকে ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। অন্যথায় সারাদেশে সাংবাদিক সমাজ বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে।
রংপুর সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির মানিক গণমাধ্যমকে জানান, সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবে, এটাই গণতন্ত্রের মূলনীতি। সংবাদ প্রকাশের কারণে একজন সাংবাদিককে তুলে এনে মারধর করা নজিরবিহীন ও চরম উদ্বেগজনক।