নিউজ ডেস্কঃ
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। আগামীকাল রোববার বেলা ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হবে। মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস এবং তাঁদের বড় সন্তান মির্জা ইয়াসির আব্বাস তাঁর সঙ্গে যাবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গত বুধবার রাতে অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাঁকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এরপর তাঁর মস্তিষ্কে দুটি অস্ত্রোপচার করা হয়। এখন তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। শনিবার সকালে মির্জা আব্বাসের মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়, যার প্রতিবেদন ভালো এসেছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম।