খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য সুরক্ষায় সরকার টিকাদান কর্মসূচি বাস্তবায়নে
বদ্ধপরিকর। সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে সমাজের সকল শ্রেণিপেশার
মানুষকে এগিয়ে আসতে হবে। ইমামদের সমাজের সবচেয়ে গ্রহণযোগ্য
ব্যক্তি হিসেবে উল্লেখ করে দেশের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ সবল নাগরিক
হিসেবে গড়ে তুলতে সরকারের এ কাজে তাদের জোরালো ভূমিকা পালনের
আহবান জানান।
সিটি মেয়র আজ সোমবার সকালে নগরীর ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে
‘ইপিআই কার্যক্রম জোরদারকরণ’ শীর্ষক বিভাগীয় পর্যায়ের মতবিনিময়
সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশনের
স্বাস্থ্য বিভাগ ও ইউনিসেফ-এর সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন-খুলনা
এ মতবিনিময় সভার আয়োজন করে।
ফাউন্ডেশনের পরিচালক শেখ আকরামুল হক-এর সভাপতিত্বে মতবিনিময় সভায়
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী
কর্মকর্তা (যুগ্ম সচিব) লস্কার তাজুল ইসলাম, খুলনার বিভাগীয় স্বাস্থ্য
কর্মকর্তা ডা. মোঃ মনজুরুল মুরশিদ ও ইমাম প্রশিক্ষণ একাডেমির
পরিচালক মোঃ আনিসুজ্জামান শিকদার। সভা পরিচালনা করেন কেসিসি’র
সচিব মোঃ আজমুল হক। অন্যান্যের মধ্যে কেসিসি’র প্রধান স্বাস্থ্য
কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, ডা. শরীফ শাম্মীউল ইসলাম, ইউনিসেফ-
এর কর্মকর্তা সুফিয়া আকতার প্রমুখ সভায় বক্তৃতা করেন। ইসলামিক
ফাউন্ডেশনের কর্মকর্তাসহ ইমামগণ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায়
উপস্থিত ছিলেন।
পরে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক ইমাম প্রশিক্ষণ একাডেমি
মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত
ইমামগণের মাঝে সনদপত্র বিতরণ করেন। ইসলামিক ফাউন্ডেশন-খুলনার
পরিচালক শেখ আকরামুল হক-এর সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমাম প্রশিক্ষণ একাডেমির পরিচালক
মোঃ আনিসুজ্জামান শিকদার। অনুষ্ঠানে কেসিসি’র কর্মকর্তা, স্বাস্থ্য
বিভাগের কর্মকর্তা, ইমাম প্রশিক্ষণ একাডেমির কর্মকর্তা, ইমামগণ ও
নগরীর গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।খবরঃ বিজ্ঞপ্তির