বিশ্ব স্বাস্থ্য সংস্থা সায়মা ওয়াজেদ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠালো 

ফাইল ছবি।

নিউজ ডেস্কঃ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

বিশ্বব্যাপী স্বাস্থ্য প্রবণতা এবং নীতিগত চ্যালেঞ্জগুলি সম্পর্কে রিপোর্টের নেটওয়ার্ক হেলথ পলিসি ওয়াচের বরাত দিয়ে (গনমাধ্যমে প্রকাশ) বলা হয়েছে,

বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) মামলা থাকায় এমন পদক্ষেপ নেয়া হয়েছে ।

প্রতিবেদনে বলা হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ড. তেদ্রোস আধানম ঘেব্রেয়েসাস শুক্রবার (১১ জুলাই) এক অভ্যন্তরীণ ইমেইলে কর্মীদের এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, শুক্রবার থেকেই সায়মা ওয়াজেদ পুতুল ছুটিতে থাকবেন। এছাড়া ডব্লিউএইচও‘র সহকারী মহাপরিচালক ড. ক্যাথরিন বোহেম পুতুলের স্থলাভিষিক্ত হবেন।

বোহেম ১৫ জুলাই নয়াদিল্লিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক কার্যালয়ে দায়িত্ব পালন শুরু করবেন বলেও তেদ্রোস আধানম জানান।

হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে আরও বলা হয়, সায়মা ওয়াজেদ পুতুল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে গত মার্চে দুটি মামলা করে। এসব অভিযোগের প্রেক্ষিতেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে ছুটিতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের জানুয়ারিতে ডব্লিউএইচও-র আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল।