বিশিষ্ট সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যু।।জাতীয় প্রেস ক্লাবে প্রথম জানাজা অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ
জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী (৬৩) মারা গেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রাত সাড়ে ৮টায় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন । তিনি লিভার সিরোসিসে ভুগছিলেন। স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। বাংলাদেশে পরিবেশ সাংবাদিকতার পথিকৃৎ কামরুল ইসলাম চৌধুরী ১৯৬০ সালের ৩০ ডিসেম্বর নোয়াখালীর সোনাইমুড়িতে জন্মগ্রহণ করেন। গত ডিসেম্বরে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে বার্তা সম্পাদক হিসেবে অবসর নেন। এর আগে তিনি দীর্ঘদিন দৈনিক সংবাদে কাজ করেন।

জাতীয় প্রেস ক্লাবে মধ্যরাতে কামরুল ইসলাম চৌধুরীর জানাজা

জাতীয় প্রেস ক্লাবের প্রায় ৭০ বছরের ইতিহাসে সম্ভবত এই প্রথম গতকাল মধ্যরাতে কোন সদস্যের জানাজা পড়া হলো। রাত সাড়ে ১১টায় সদ্যপ্রয়াত কামরুল ইসলাম চৌধুরী কে নোয়াখালীর গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার পথে তার বহু স্মৃতি বিজড়িত জাতীয় প্রেস ক্লাবে রাত ১ টায় আনা হয়। সেখানে জাতীয় প্রেস ক্লাবের পক্ষে শ্রদ্ধা নিবেদন ও প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মরহুমের লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।সেখানেই আজ তাকে জানাজা শেষে দাফন করা হবে।

জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত জানাজায় অন্যান্যের মধ্যে শরিক হন জাতীয় প্রেস ক্লাবের কোষাধক্ষ্য শাহেদ চৌধুরী, বিএফইউজে কোষাধক্ষ্য খায়রুজ্জামান কামাল, ডিআরইউ সভাপতি মুরসালিন নোমানী ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সাবেক সাধারণ সম্পাদক মসিউর রহমান, বিএফইউজের সাবেক কোষাধ্যক্ষ আতাউর রহমান, ক্লাবের সিনিয়র সদস্য শাহনেওয়াজ দুলাল, মাহমুদুর রহমান খোকন, সমকালের চীফ রিপোর্টার লোটন একরাম এবং চট্টগ্রাম বিভাগ সাংবাদিক ফোরামের মহাসচিব ফিরোজ আলম মিলন। প্রেস ক্লাবের পক্ষ থেকে যুগ্ম সম্পাদক আইয়ুব ভুঁইয়া ও কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী এবং পরিবারের পক্ষ থেকে কামরুল ইসলাম চৌধুরীর পুত্র রাফায়েত চৌধুরী বক্তব্য রাখেন।