বিএনপির আগামী ১১ জানুয়ারী গণঅবস্থান কর্মসূচি ঘোষণা

নিউজ ডেস্কঃ
আগামী ১১ জানুয়ারি বিএনপি সারাদেশে বিভাগ ও মহানগরে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত চারঘণ্টা গণ-অবস্থান কর্মসূচির ঘোষণা করেছে।

আজ শুক্রবার বিকেলে গণমিছিল পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন এই ঘোষণা দেন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, যারা সকল বাধা উপেক্ষা করে গণমিছিলে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাই।

তিনি অবিলম্বে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তারকৃত সকল রাজবন্দী ও নেতাকর্মীদের মুক্তি দাবি করেন। তিনি বলেন, ইতিপূর্বে আমরা ১০টি বিভাগীয় গণসমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করেছি। আজকের গণমিছিলও শান্তিপূর্ণভাবে শেষ হবে।

তিনি বলেন, আমরা জনগণের পক্ষে দশ দফা ঘোষণা করেছি। তারই প্রথম কর্মসূচি হলো গণমিছিল। আজকে এসব দফার প্রতি দেশের সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দল এবং জোট সমর্থন জানিয়েছে। আমাদের ১০ দফার মূল হলো- অবিলম্বে গায়ের জোরের সরকারকে পদত্যাগ করতে হবে। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

এদিকে, সকারের পতন, নির্দলীয় নিরপেক্ষ তত্ববধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবি নিয়ে বিএনপি গণমিছিল শুরু করে। শুক্রবার বেলা বিকাল সাড়ে ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি কাকরাইল মোড়, শান্তিনগর, মালিবাগ, মৌচাক ও মগবাজার গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। অনলাইন।

মিছিলে উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, ব্যরিস্টার শাহজাহান ওমর বীর উত্তম, ডা. এজেডএম জাহিদ হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী।