পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার আজ ঢাকায় আসছেন, আলোচনা হতে পারে যেসব বিষয়ে

নিউজ ডেস্কঃ

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার দুদিনের সরকারি সফরে  আজ শনিবার (২৩ আগস্ট) ঢাকায় আসছেন। শুক্রবার (২২ আগস্ট) ঢাকায় পাকিস্তানের হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। – তথ্য: অনলাইন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে আজ শনিবার সকালে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন ইসহাক দার। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি।

বৈঠকগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্কের সম্পূর্ণ পরিসর এবং বেশ কয়েকটি আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা করা হবে।

জানা গেছে, এবারের সফরে দুদেশের মধ্যে কূটনীতিক ও সরকারি পাসপোর্টে বিনা ভিসায় যাতায়াতের বিষয়ে চুক্তি।

দ্বিপক্ষীয় বাণিজ্য বিষয়ে ওয়ার্কিং গ্রুপ গঠন।

দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা, ফরেন সার্ভিস একাডেমি ও কৌশলগত বিষয়ে সরকারি গবেষণা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার বিষয়ে কয়েকটি সমঝোতা স্মারক সই হবে।

এ ছাড়া সাংস্কৃতিক সহযোগিতার বিষয়ে আগে সই হওয়া একটি চুক্তি নবায়ন করা হবে।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর গণহত্যা, স্বাধীনতা-পূর্ব অভিন্ন সম্পদে বাংলাদেশের অংশ হস্তান্তর ও আটকেপড়া পাকিস্তানিদের ফেরত নেওয়াসহ বিভিন্ন বিষয় পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের আলোচনায় আসবে।

এর আগে ২০১২ সালে সর্বশেষ পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বাংলাদেশ সফর করেছিলেন হিনা রব্বানি খার। ডি-৮ শীর্ষ সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানাতে ওই সময় ঢাকা সফর করেছিলেন তিনি।

উল্লেখ্য,  গত বছরের আগস্টে শেখ  হাসিনা ক্ষমতাচ্যুত ও দেশত্যাগের পর থেকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের যথেষ্ট উন্নতি হয়েছে।

দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে বেশকিছু অগ্রগতিও হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ হতে জানা যায়।

এ ছাড়া বাংলাদেশ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির অনুমতি দিয়ে পাকিস্তানি পণ্যের ওপর থেকে নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে এবং সমুদ্রপথে দুই দেশ সরাসরি বাণিজ্যও শুরু করেছে।