নিরাপদ ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার সরকারি দপ্তর, প্রশাসন ও যুবসমাজের সমন্বিত উদ্যোগের আহ্বান আপস যুব সংগঠনের

খুলনা, ১৭ নভেম্বর ২০২৬: নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ, বৈষম্যমূলক সামাজিক দৃষ্টিভঙ্গি ও ক্ষতিকর সামাজিক রীতিনীতি মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের লক্ষ্যে খুলনায় “নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় স্থানীয় সরকার, প্রশাসন ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে যুব সংলাপ” শীর্ষক একটি অ্যাডভোকেসি ডায়ালগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রূপসার সিএসএস আভা সেন্টারে আপস যুব সংগঠনের উদ্যোগে এ সংলাপ অনুষ্ঠিত হয়। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় পরিচালিত “সমতায় তারুণ্য” প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করা হয়। সংলাপে যুব উন্নয়ন অধিদপ্তর, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং প্রশিক্ষণপ্রাপ্ত যুব প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

সংলাপের মূল উদ্দেশ্য ছিল স্থানীয় পর্যায়ে বিদ্যমান নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ ও বৈষম্যমূলক সামাজিক চর্চা চিহ্নিত করা এবং তা মোকাবিলায় সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের পথ তৈরি করা।

যুব উন্নয়ন অধিদপ্তর, খুলনার উপপরিচালক মোঃ আবুল কালাম নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপের বিভিন্ন উদাহরণ তুলে ধরে বাল্যবিবাহ প্রতিরোধ ও কিশোর গ্যাং মোকাবিলায় সম্মিলিত সচেতনতার ওপর গুরুত্ব দেন। তিনি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিটি ট্রেডভিত্তিক প্রশিক্ষণে জেন্ডার অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রোগ্রাম অফিসার সাজিয়া আফরিন সিদ্দীকী নারীর ক্ষমতায়নে অনুদান, সফল জননী ও অদম্য নারী সম্মাননা, নারী উদ্যোক্তা উন্নয়ন এবং মা ও শিশু সহায়তা কর্মসূচিসহ বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি নারীদের স্বাবলম্বী করা এবং সরকারি সেবার সঙ্গে সংযুক্ত করার ওপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের শিশু নিরাপত্তা প্রকল্পের সমাজকর্মী লাইলা আফিয়া আনজুমান তন্নি শিক্ষা, কর্মসংস্থান ও সিদ্ধান্ত গ্রহণে অন্তর্ভুক্তিমূলক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা, প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ চাহিদা এবং চাইল্ড কেয়ার সুবিধা নিশ্চিত করার আহ্বান জানান।

থানা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মাহবুর রহমান যুবসমাজকে সচেতন ও কিশোর গ্যাং প্রতিরোধে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রতিটি প্রশিক্ষণে জেন্ডার, জেন্ডার স্টেরিওটাইপ ও সাইবার নিরাপত্তাবিষয়ক সেশন অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানান।

হিজড়া জনগোষ্ঠীর প্রতিনিধি তামান্না মনি বলেন, নারী-পুরুষের পাশাপাশি হিজড়া জনগোষ্ঠীর মানুষেরও সমান সুযোগ, মর্যাদা ও কর্মসংস্থান নিশ্চিত করতে হবে। জীবিকার সীমিত সুযোগের কারণে তাঁদের অনেককে বাসে বাসে অর্থ সংগ্রহ করতে হয়; এ পরিস্থিতির সামাজিক কারণগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আপস যুব সংগঠনের নির্বাহী প্রধান মোঃ রেদওয়ানুল ইসলাম রুহান। তিনি বলেন, “জেন্ডার বৈষম্য দূর করতে ব্যক্তিগত আচরণ, পারিবারিক মূল্যবোধ ও সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন জরুরি। যুবসমাজকে এ পরিবর্তনের নেতৃত্বে এগিয়ে আসতে হবে এবং সরকারি দপ্তর ও কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।” তিনি আরও বলেন, “জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণে সবার সমান অংশগ্রহণ ও মর্যাদা নিশ্চিত করতে হবে।”

সংলাপে অংশগ্রহণকারীরা জেন্ডার স্টেরিওটাইপ, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু সুরক্ষা, প্রতিবন্ধী ও হিজড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি এবং কিশোর গ্যাং ও সামাজিক সহিংসতা প্রতিরোধে সরকারি প্রতিষ্ঠান, পরিবার, কমিউনিটি ও যুবসমাজের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সংলাপ স্থানীয় পর্যায়ে অংশীজনদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি এবং জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণে কার্যকর ও টেকসই উদ্যোগ গ্রহণে সহায়ক হবে। খবরঃ বিজ্ঞপ্তির