ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
সংবাদ উপস্থাপিকা ডা. এন কে নাতাশা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি বাংলাদেশের গনমাধ্যমের একজন সুপরিচিত মুখ ছিলেন।ডাঃ নাতাশা রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) সহযোগী অধ্যাপক ছিলেন।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) রাত ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভির প্রতিষ্ঠাকালীন সময়ে সংবাদ উপস্থাপিকা হিসেবে কাজ করেন এন কে নাতাশা। তিনি সর্বশেষ মাছরাঙা টেলিভিশনে সংবাদ উপস্থাপিকা হিসেবে কর্মরত ছিলেন।
২০১৯ সালের মাঝামাঝিতে নাতাশার স্তন ক্যানসার ধরা পড়ে। এরপর দেশে এবং দেশের বাইরে চিকিৎসা গ্রহণ করেন তিনি। ২০২০ সালের মার্চে তার স্তন ক্যানসারের সার্জারি করা হয়। ২০২২ সালের সেপ্টেম্বরে সুস্থ হয়ে উঠে পুনরায় সংবাদপাঠ শুরু করেন। কিন্তু ওই বছরের ডিসেম্বর থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এরপর বৃহস্পতিবার রাতে হার্ট অ্যাটাক করলে হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।
পারিবারিক সূত্রে জানা গেছে, মৃত্যুর আগে ডা. এন কে নাতাশা রাজধানীর বারডেম হাসপাতালে মরণোত্তর দেহদান করার কথা জানিয়ে গেছেন।
ডায়াবেটিস ও স্বাস্থ্য বিষয়ে পিএইচডি করেছেন ডা. নাতাশা। তার মৃত্যুতে পরিবার, গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।