নিউজ ডেস্ক :
ঢাকার উত্তরা দিয়াউতড়ী এলাকায় বিমান বাহিনীর একটি ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আট ইউনিট কাজ করছে।
শেষ খবরে জানা গেছে, এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। আজ বেলা দুইটার কিছু পরে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান বলেন, আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে।
এর আগে দুপুর ১টা ৬ মিনিটে বিমান বাহিনীর এফ-৭ বিজেআই প্রশিক্ষণ বিমানটি উড্ডয়ন করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর।(অনলাইন)
জানা গেছে, ঢাকা উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
বর্তমানে আগুন নিয়ন্ত্রণে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর, পূর্বাচল ফায়ার স্টেশনের আটটি ইউনিট কাজ করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়তে দেখা গেছে। সেই সঙ্গে দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষদের ভিড় করতে দেখা গেছে।